
পানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপি। বৃহস্পতিবার মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও উত্তরের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু ওয়াসা ভবনে গিয়ে কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি পৌঁছে দেন।
২৪ মে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় ঢাকা ওয়াসা, যা জুলাই থেকে কার্যকর হবে। আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, করোনা মহামারিকালে নাগরিকরা যখন তীব্র আর্থিক সংকটে নিপতিত ও কর্মহীন হয়ে পড়ছেন, আয়-রোজগার সংকুচিত হয়ে যাচ্ছে, নতুন করে বেকার ও দারিদ্র্যের সংখ্যা বেড়ে চলেছে, তখন ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক, অনাকাঙ্ক্ষিত, অযৌক্তিক, মৌলিক অধিকারের পরিপন্থি ও গণবিরোধী। যা নগরবাসীর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। করোনা মহামারির এই দুঃসময়ে পানির দাম বাড়ানো হলে জনজীবনে বিরাজমান নাভিশ্বাস আরও বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয়ও বাড়বে।
ঢাকা মহানগরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। স্মারকলিপিতে অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করে নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহেরও দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার আগে ওয়াসা ভবনের নিচে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১৪ বার ওয়াসা পানির বিল বাড়িয়েছে। তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকের বেতন ৩০ হাজার টাকা। অথচ ঢাকার এই ময়লা পানির কারিগর ওয়াসার এমডির বেতন এক-দুই লাখ নয়, ৬ লাখ ২০ হাজার টাকা। তিনি করোনা মহামারিতে ঢাকাবাসীর পাশে না দাঁড়িয়ে মার্কিন মুলুকে বসে রিমোট কন্ট্রোলে ওয়াসা চালাচ্ছেন।
স্মারকলিপি দেওয়ার সময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, গত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, যুগ্ম-সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ