
ঐতিহাসিক মক্কা ছিল নবীজি (সা.)-এর পিতৃভূমি আর মদিনায় ছিল তাঁর নানাবাড়ি। মক্কাবাসী ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে তিনি মদিনায় হিজরত করেন। মক্কার তুলনা মদিনায় দ্রুততম ইসলামের বিকাশ ঘটেছিল। মাত্র ১০ বছরে মদিনায় একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। আল্লাহ মদিনাকে মহানবী (সা.)-এর হিজরতভূমি ও ইসলামের কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছিলেন এই নগরের নানাবিদ বৈশিষ্ট্যের কারণে। সাইয়েদ আবুল হাসান নদভি (রহ.) মদিনায় দ্রুততম সময়ে ইসলাম বিকশিত হওয়ার সাতটি কারণ নির্ণয় করেছেন। তা হলো—
১. আল্লাহ কর্তৃক নির্বাচন : সব যুক্তি ও বাহ্য কারণের ঊর্ধ্বে চরম সত্য হলো আল্লাহ মদিনাবাসীকে ইসলামের জন্য কবুল করেছিলেন। আল্লাহ বলেন, ‘আল্লাহ যাকে খুশি সরল-সঠিক পথ প্রদর্শন করেন।’ (সুরা নূর, আয়াত : ৪৬)
২. প্রকৃতি ও মানবপ্রকৃতি : মক্কার তুলনায় মদিনা ছিল শ্যামল-সবুজ, ফল-ফসলে উর্বর। প্রকৃতির এ প্রভাব ছিল তাদের মন ও মনন, স্বভাব ও চরিত্রে। এ ছাড়া মদিনার আউস ও খাজরাজ গোত্র ইয়ামান থেকে হিজরত করে এসেছিল। যাদের ব্যাপারে মহানবী (সা.) বলেছিলেন, ‘তোমাদের কাছে ইয়ামানবাসী এসেছে, যাদের হৃদয় কোমল এবং অন্তর দয়াপরবশ।’ (সহিহ মুসলিম, হাদিস : ৫১)
৩. আভিজাত্য ও উদারতা : মদিনাবাসী একই সঙ্গে বংশীয়ভাবে অভিজাত এবং মানবিক বিবেচনায় উদার ছিল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মুহাজিরদের আগমনের আগে যারা এই নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে, তারা মুহাজিদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তারা মুহাজিরদের নিজেদের ওপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও।’ (সুরা হাশর, আয়াত : ৯)
৪. রাজনৈতিক অস্থিরতা : মদিনায় ইসলাম আগমনের আগে মদিনাবাসী পারস্পরিক সংঘাত, যুদ্ধ-বিগ্রহ ও চরম শত্রুতায় বিপর্যস্ত ছিল। বিশেষত বুআস যুদ্ধের ক্ষয়ক্ষতি ছিল অপরিসীম। তারা এই বিপদ উদ্ধারে একটি নতুন মতাদর্শের ওপর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় ছিল না। আয়েশা (রা.) বলেন, ‘বুআস যুদ্ধ আল্লাহ তাঁর রাসুল (সা.) মদীনা আগমনের আগেই ঘটিয়েছিলেন। রাসুলুল্লাহ (সা.) যখন মদিনায় আগমন করলেন তখন সেখানকার গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিরা নানা দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছিল। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এ যুদ্ধে নিহত ও আহত হয়েছিল। তাদের ইসলাম গ্রহণকে আল্লাহ তাঁর রাসুল (সা.)-এর জন্য অনুকূল করে দিয়েছিলেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৭৭৭)
৫. নবুয়ত সম্পর্কে পূর্ব ধারণা : মদিনার ইহুদিরা পৌত্তলিক আউস ও খাজরাজকে অনাগত একজন নবীর ভয় দেখাত। তারা বলত সে নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে। ফলে তারা পূর্ব থেকে নবী আগমনের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন।
৬. মদিনার ভৌগোলিক বৈশিষ্ট্য : ভৌগোলিকভাবে মদিনা শহরটি ছিল অত্যন্ত সুরক্ষিত। এর দক্ষিণ দিক ঘনবসতি ও খেজুর বাগানে পরিবেষ্টিত ছিল, পূর্বদিকে ‘হাররায়ে ওয়াকিম’ এবং পশ্চিমদিকে ‘হাররায়ে ওয়াবারাহ’ দ্বারা সুরক্ষিত ছিল। পূর্ব ও পশ্চিম দিকে আগ্নেয়গিরির উদগিরণ, কঙ্করময় ভূমি ও উত্তাপের কারণে কারো পক্ষে সেদিক থেকে অনুপ্রবেশ করা সম্ভব ছিল না। শুধু উত্তরদিকটি খোলা ছিল। খন্দকের যুদ্ধে এদিকে পরিখা খনন করে সম্মিলিত আরব বাহিনীর আগ্রাসন রোধ করা হয়েছিল।
৭. মদিনাবাসীর সাহস ও বীরত্ব : মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা জাতীয় মর্যাদাবোধ, আত্মসম্মান, যুদ্ধবিদ্যা ও শৌর্য-বীর্যের ক্ষেত্রে বিশিষ্ট ছিল। তারা কখনো কারো সামনে মাথানত করেনি। কোনো বড় গোত্র কিংবা শাসককে কখনো ট্যাক্স ও জরিমানা দেয়নি। তাদের বীরত্বকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। (নবীয়ে রহমত, পৃষ্ঠা ১৬০-১৬৫)
গ্রন্থনা : আতাউর রহমান খসরু
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ