
করোনাভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসায় সাতক্ষীরায় দ্বিতীয় দফায় সাতদিনের লকডাউন শুরু হয়েছে আজ। শনিবার (১২ জুন) সকাল থেকে পুলিশ ব্যারিকেড বসিয়ে বিনা প্রয়োজনে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে।
এদিকে সাতক্ষীরায় পর্যাপ্ত শয্যা, ডাক্তার ও জনবল সংকটে কোভিড রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে এ জেলায় ৭১৫ জন কোভিড পজিটিভ রোগী রয়েছেন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩৫ জন ও সদর হাসপাতালে ৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। অন্য রোগীরা প্রাতিষ্ঠানিক ও পারিবারিক কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা মেডিক্যালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড রোগীদের জন্য আটটি আইসোলেশন ও ১৩৫টি শয্যা ছাড়াও আট শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে। এ ছাড়া সদর হাসপাতালের করোনা ইউনিটে শয্যা রয়েছে ৩৫টি। আরও শয্যা ও জনবল না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তবে মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫টি শয্যা স্থাপনের কাজ চলছে বলেও জানান সিভিল সার্জন।
এদিকে, আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমণের হার ৩৬ দশমিক ১৭। শুক্রবার এই হার ছিল ৫৩ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সনাক্তের হার ছিল ৫০ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ