
জেসমিন দীপা
হয়ত একদিন আমায় তোমার
খুব মনে পড়বে,
ভরা জোছনায় অথবা ঝুম বরষায়
আমায় তোমার খুব মনে পড়বে৷
হয়ত একদিন আমায় খুব খুঁজবে,
তোমার ভেতরে বাহিরে ঠিক আমার
মতোই তোলপাড় হবে৷
সেই হঠাৎ একদিন সমস্ত দুনিয়া
তন্ন তন্ন করে আমাকে পাবেনা,
আমার আওয়াজ তোমাকে
খুব নাড়া দেবে৷
আমার একটি হ্যাঁ বা না শোনার
জন্যে অধীর হবে
কিন্তু শুনতে পাবেনা৷
পৃথিবীর এ প্রান্ত থেকে আরেক
প্রান্তের কোথাও না৷
যে দিন যায় চলে তা কি ফিরে আসে?
কাছে থাকতে যাকে চিনলেনা, বুঝলেওনা
সে তো করুণা চায় না৷
যা তোমার দেবার ছিল, দাওনি
যা তুমি দেবে তা আমি নেবোনা৷
সেদিনও বরষা আসবে,
রাত হবে জোছনাময়
প্রকৃতি প্রেমী, ঘাস ফুল রাধাচূরা বা
জারুলের রঙে রাঙানো
ওমন দিনেও তুমি একা খুব
একটু কথা বলতে, দুঃখ মেলে দিতে
পাশে থাকবে না কেউ
রৌদ্রভেজা দিনে ক্লান্তিতে
দক্ষিণা হাওয়ার জানালা হবে না কেউ
সেদিন হঠাৎ করে দেখবে আমিও নেই
তবুও! খুঁজে পাবেনা
খুঁজে পাবেনা এই স্পর্শ
এই আমাকে…
লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র