
নেত্রকোনার মদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও’র)মানবিকতায় নতুন জীবন পেল অগ্নিদগ্ধ শিশু মাকসুদা। মাকসুদা জেলার মদন পৌরসভার বাড়ীভাদেরা এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। অগ্নিদগ্ধ হওয়ার পর জীবন যুদ্ধে লড়াই করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৩ দিন চিকিৎসার পর বাড়ি ফিরেছে সে।
জানা যায়,খেলনা পুতুলের শাড়ি দিয়াশলাই দিয়ে সুতা পুড়ানোর সময় শরীরে থাকা জামায় লেগে গিয়ে অগ্নিদগ্ধ হয় মাকসুদা। মুহূর্তের মধ্যেই পুড়ে যায় সমস্ত শরীর।অসহায় পরিবারের চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় স্থানীয়ভাবে চিকিৎসা করে ১৫ দিন বাড়ীতে রাখায় শরীরের সমস্ত জায়গায় পচন ধরেছিল তার। এভাবেই মরতে বসেছিল সে।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম মদন উপজেলার করোনার গ্রুপ সেচ্ছাসেবক থেকে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। তাৎক্ষণিক ছুটে যান তিনি এবং চিকিৎসার দায়িত্ব দেন। অগ্নিদগ্ধ মাকসুদাকে এম্বুলেন্স করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়া হয়।৪৩ দিন চিকিৎসার পর জীবন ফিরে অনেকটা সুস্থ্য হয়ে তার গ্রামের বাড়ীতে ফিরে আসে মাকসুদা।
রবিবার বিকালে মাকাসুদাকে দেখতে তার গ্রামের বাড়ি পৌরসভার বাড়িভাদেরায় ছুটে যান ইউএনও বুলবুল আহমেদ। এ সময় উপজেলা করোনা সেচ্ছাসেবক গ্রুপের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।মাকসুদার মা জাফরিন আক্তার বলেন,‘আমার মেয়ে ঘরেই পচে মরতে ছিল। ডাক্তার দেখাবার কোন সামর্থ ছিল না আমরার। বড় স্যার আমার মেয়েরে ঢাকায় ডাক্তার দেখানোর পর আমার মেয়ে জীবন আবার ফিরা পাইছে।
অসহায়ত্বের কথা স্বীকার করে বাবা সিদ্দিক মিয়া বলেন, ‘আমি দিন মজুর, দিনে আইনে দিনে খাই। আমার মেয়ের যে অসুস্থ হয়েছিল ঢাকা নিয়ে ডাক্তার দেখাইবার ক্ষমতা আমার ছিল না। আমার মেয়ে ভাল হইছে। আগের মতো এহন খেলতে পারবে। স্যারের কাছে আমি ঋণি। এই উপকার কোন দিন ভুলতে পারব না।
মদন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বুলবুল আহমেদ বলেন,শিশু মাকসুদাকে সুস্থ্য করতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কয়েকবার অপারেশান করতে হয়েছে।তার জন্য রক্তের ব্যবস্থা করতে হয়েছে।ফলোআপের জন্য আগামী ২১ মে মাকসুদাকে আবার ঢাকায় পাঠাতে হবে।
তিনি আরও বলেন,ঢাকায় মাকসুদার জন্য চিকিৎসকদের সাথে এবং চিকিৎসার বিষয়ে সবসময় পাশে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মদন উপজেলার বাসিন্দা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজেশ বৈশ্য। গ্রামের বাড়ীতে ফিরে আসার পর মাকসুদাকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সে এখন মোটামুটি সুস্থ্য এবং ভাল আছে। যদি আরো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রশাসন তার ব্যয়বার গ্রহণ করবে।তবে মাকসুদার চিকিৎসার ব্যাপারে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের তিনি ধন্যবাদ জানান।
ভিন্নবার্তা/এমএসআই