
পাল্লেকেলেতে আজ শুরু হবে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। এরই মধ্যে বড় প্রশ্ন, এই টেস্ট বাঁচাতে পারবে কি বাংলাদেশ?
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ডিক্লিয়ার দেয় সাত উইকেটে ৪৯৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে এক দিনও টিকলো না বাংলাদেশ। ওভার খেলতে পারলো মাত্র ৮৩। রান ২৫১। পড়তে হলো ফলোঅনে। ভাগ্য ভালো বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়নি শ্রীলঙ্কা। শনিবার শেষ বিকেলে লঙ্কানরাই ব্যাট করতে নামে। ১৭ রান তোলে দলটি দুই উইকেটে। সব মিলিয়ে ২৫৯ রানের লিড শ্রীলঙ্কার। ম্যাচের বাকি এখনো দুই দিন।
আজ পুরো দিন যদি লঙ্কানরা খেলতে পারে, তাহলে লিড বেড়ে দাঁড়াবে অনেক। সে ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ, তা নিয়ে আছে সংশয়। কারণ প্রথম ইনিংসে শেষ সাতটি উইকেট বাংলাদেশ হারায় মাত্র ৩৭ রানে। দ্বিতীয় ইনিংসের আগে যা শঙ্কা জাগাচ্ছে ভালোমতো।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা যত সুন্দর, শেষটা ততটাই বাজে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন মূলত চারজন। বাকিরা ছিলেন যাওয়ার আসার মিছিলে।
অভিষেকে লঙ্কান স্পিনার জয়াবিক্রমা ৬ উইকেট নিয়ে গড়েন দেশের হয়ে রেকর্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার তামিম ইকবাল। ৪৯ রান আসে মুমিনুলের ব্যাটে। মুশফিকুর ৪০ ও মেহেদী হাসান মিরাজ করেন ১৬ রান। লিটন-শান্তসহ বাকিরা ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। তাসকিন, শরিফুল আপ্রাণ চেষ্টা করেছেন ক্রিজে থাকতে, পারেননি। তাসকিন ১১ ও শরিফুল ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
গতকাল শেষ বিকেলে ব্যাট করতে নেমে লঙ্কানদের দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ, এটাই দিনের প্রাপ্তি। ওপেনার লাহিরু থিরিমান্নেকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। ২ রানে বিদায় নেন তিনি।
তাইজুলের শিকার ওশাদা ফার্নান্দো (১)। ১৩ রানে অধিনায়ক করুনারত্নে ও ১ রানে অ্যাঞ্জোলো ম্যাথুস আছেন ক্রিজে অপরাজিত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ