
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। বুধবার নির্ধারিত দিনে চেম্বার গ্রুপের ২৩টি পদের জন্য ২৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদের জন্য ২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এ ছাড়া মনোনীতদের মধ্যে চেম্বার গ্রুপের ১৭টি পদের মধ্যে ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৭টি পদের মধ্যে ১৬ জনের নাম প্রকাশ করা হয়।
নির্বাচনী বোর্ডের সদস্য শামসুল আলম বলেন, ২৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিনের মধ্যে প্রত্যেক গ্রুপে যে দুজন করে প্রার্থী অতিরিক্ত রয়েছেন তারা প্রত্যাহার করে নিলে আর ভোটগ্রহণের প্রয়োজন হবে না। আর বুধবার প্রকাশিত তালিকার সবাই অটুট থাকলে আগামী ৫ মে ভোট গ্রহণের মধ্য দিয়ে পরিচালক পর্ষদ চূড়ান্ত করা হবে।
এবারের নির্বাচনে মোট ৮৩ জন ব্যবসায়ী মনোনয়ন জমা দিলেও চট্টগ্রাম চেম্বার থেকে আসা একজনের মনোনয়ন এনবিআরের আপত্তির কারণে বাদ গেছে বলে জানায় নির্বাচনী বোর্ড।
এদিকে মহামারির কারণে আগামী ৫ মের নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছেন একজন ব্যবসায়ী নেতা। আদালত তার আবেদন আমলে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টির মীমাংসা করতে রুল জারি করেছেন।
এ বিষয়ে নির্বাচনী বোর্ডের সদস্য শামসুল আলম বলেন, আমরা ওই রুলের কপি দেখেছি। সেখানে নির্বাচন স্থগিতের কথা কিছু বলা হয়নি। তাই তফসিল অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ