
নীলফামারীতে চলন্ত ভ্যানে শিশু জন্ম দিলেন রুবিনা আকতার (৩০) এক গৃহবধূ। প্রসূতির সঙ্গে থাকা লোকজনের অগোচরে জন্ম নিয়েই সড়কে ছিটকে পড়ে মৃত্যুও হয়েছে ওই নবজাতকের। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের পাঁচমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রুবিনা জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়া গ্রামের দিনমজুর মহুবার রহমানের স্ত্রী। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষ্যদর্শী কয়েকজন ব্যাক্তি জানান, দুপুর আড়াটার দিকে গর্ভবতী এক নারীকে ওই সড়ক দিয়ে ভ্যানে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে ওই একটি নবজাতক পাকা সড়কের ওপর ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে ভ্যান থামিয়ে নবজাতকের স্বজনরা শিশুটিকে তুলে নিয়ে হাসপাতালে যায়।
রুবিনা আকতারের জা (দেবরের স্ত্রী) ফাতেমা বেগম (২৫) বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে রুবিনার প্রসব ব্যাথা ওঠে। এ অবস্থায় গ্রামে ভ্যান পেতে কিছুটা সময় পেড়িয়ে যায়। দুপুর ২টার দিকে একখানা অটোভ্যান (ব্যাটারি চালিত) নিয়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওয়ানা দেই। রুবিনা আকতার আমার কোলে মাথা দেয়। পেছনে রুবিনার এক বড় বোন ছিল। শহরের পাঁচ মাথা অতিক্রম করার সময় স্থানীয় লোকজন চিৎকার করে জানায় বাচ্চা (নবজাতক) পড়ে গেছে বলে। আমি ভ্যান থেকে নেমে বাচ্চাটিকে কোলে নিয়ে দ্রুত হাসপাতালে যাই। এরপর কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে দেখে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল হুদা বলেন, বেলা ৩টার দিকে প্রসূতি মা ও নবজাতককে নিয়ে আসেন তার স্বজনরা। শিশুটি আঘাত জনিত কারণে হাসপাতালে আনার আগে মারা গেছে। তার মা রুবিনা আকতারের রক্তক্ষরণ হচ্ছে। তাই হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ