
আফরোজা সরকার: রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের ২ নম্বর ওয়াডের্র মেম্বর মহাসীন আলী (৪০) ও তার সহযোগী ফুল বাবুকে (২৩) এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১১ এপ্রিল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইউপি সদস্য মহাসীন আলী সদ্যপুস্করিণী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত রাজামিয়ার এবং ফুল বাবু একই ইউনিয়নের বড়ভিটা এলাকার মৃত আব্দুলমজিদ মিয়ার ছেলে। শনিবার রাতে পালিচড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
রংপুর সদরের সদ্যপুস্করিণী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সদ্যপুস্করিণী ইউনিয়ন বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালিচড়া বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে মহাসীন আলী ও ফুল বাবুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার হয়। রোববার দুপুর ১টার দিকে ওই ইউপি সদস্য ও তার সহযোগীকে আদালত কারাগারে পাঠিয়েছেন। রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
ভিন্নবার্তা ডটকম/এসএস