
জয়নাল আবেদীন হিরো,নীলফামারী : সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে নীলফামারীতে কৃষক সমাবেশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার দুপুরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি এলাকায় এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।
এছাড়া সূর্যমুখী চাষী শেখ মোহাম্মদ গোলাম রব্বানী অভিজ্ঞতা তুলে ধরেন সমাবেশে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, সমাবেশ এলাকায় ১৭ জন কৃষক ১৭ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। উপজেলায় ৩৭৫ জন কৃষক ৩৭৫ বিঘা জমিতে এই ফসল আবাদ করছেন।
তিনি বলেন, ভালো ফলন ও ভালো দাম পাওয়ার পাশাপাশি চাষাবাদে আগ্রহী করে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়।
কৃষি বিভাগ জানায়, ১২০ দিনের ফসল কর্তন, বিঘা প্রতি সাড়ে ছয় মণ বীজ উৎপাদন হয় সূর্যমুখীতে। সরকারের কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসুচীর আওতায় এবারই প্রথম এই ফসল চাষ করা হচ্ছে। এজন্য সার, বীজ দিয়েছে সরকার।
নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবীদ দেওয়ান কামাল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশেষ একটি পদক্ষেপ এই সূর্যমুখী চাষ। সয়াবিন তেলের চাহিদা পূরণে এটি বিশেষ ভুমিকা রাখবে। পাশাপাশি লাভবান হবেন কৃষকরাও।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, জেলায় ২৬৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। এতে ১৯৯০জন কৃষক আবাদ করছেন ১৯৯০ বিঘা জমিতে। ইতোমধ্যে নীলফামারীসহ ডোমারে এই ফসল কর্তন শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস