
যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ দিয়ে বাংলাদেশের দর্শকের কাছে পরিচিতি পান কলকাতার অঙ্কুশ হাজরা। ব্লকবাস্টার এই ছবির পর ঢালিউডে ‘আশিকি’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবি দুটিও ব্যাবসায়িক সাফল্য পায়। তবে পরে আর অঙ্কুশকে দেখা যায়নি ঢাকাই চলচ্চিত্রে।
দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর আবার ‘খিলাড়ি’ অভিনেতা ফিরতে যাচ্ছেন এ দেশের দর্শকদের সামনে। কোরবানির ঈদ সামনে রেখে শাপলা মিডিয়া নির্মাণ করতে যাচ্ছে ‘ধামাকা’। সেই ছবিতে অঙ্কুশের দেখা মিলবে অ্যাকশন চরিত্রে। পরে আরো দুটি ছবি করবেন এই প্রতিষ্ঠানের ব্যানারে। ২১ মার্চ কলকাতায় শাপলার কর্ণধার সেলিম খানের সঙ্গে তিন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অঙ্কুশ।
সেলিম বলেন, ‘আমি ছবি প্রযোজনা করার পাশাপাশি একজন পরিবেশকও। সাধারণ দর্শকদের কাছে এখনো অঙ্কুশের চাহিদা আকাশছোঁয়া। তাঁকে নিয়ে ছবি বানালে পুঁজি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। সে জন্যই তিন ছবিতে চুক্তিবদ্ধ করেছি।’ ‘ধামাকা’ ছবিটি প্রথমে মালেক আফসারীর পরিচালনা করার কথা থাকলেও এখন পরিচালক পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সেলিম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ