
কোনো প্রতিষ্ঠান ও ক্লাবকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খেলার মাঠ দেয়া হবে না বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) কমলাপুর সংলগ্ন টিটি পাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেরকে এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা এখন যে জমিগুলো দখলমুক্ত করছি, অবমুক্ত করছি, সেগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় উন্মুক্ত খেলার মাঠ হিসেবে উপযোগী করে গড়ে তুলছি। যাতে উক্ত ওয়ার্ডে আমাদের সন্তানেরা বা আশপাশের ছেলেরা যেন সেখানে খেলাধুলা করতে পারে। সুতরাং কোনো প্রতিষ্ঠান, কোনো ক্লাবকে আমাদের খেলার মাঠ আমরা দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা ৪২ নম্বর ওয়ার্ডে একটি জায়গা দখলমুক্ত করেছি। সেখানে খেলার মাঠের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে। ইনশাল্লাহ আগামী মাস থেকে আমাদের ছেলেরা সেখানে খেলতে পারবে। ৪২ ওয়ার্ড (লক্ষ্মীবাজার) একটি ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে উপযুক্ত কোনো খেলার মাঠ ছিল না। এখন থেকে ছেলেরা সেখানে খেলাধুলা করতে পারবে। মুক্তাঙ্গন জায়গাটি দখল অবস্থায় ছিল। সেই জায়গাটি আমরা দখল মুক্ত করেছি। সেখানেও খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করছি। আমরা ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগরে বড় একটি জায়গা উন্মুক্ত করতে পেরেছি, অবমুক্ত করতে পেরেছি। সেখানেও আমরা যে অবকাঠামো নির্মাণ করছি, সেখানে উপযুক্ত খেলার মাঠের পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি।’
খেলার মাঠ প্রসঙ্গে তাপস বলেন, ‘আমরা চাই, প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ কিংবা উন্মুক্ত স্থান থাকুক, যেন আমাদের সন্তানরা খেলাধুলা করতে পারে। আমাদের কাজ বেগবান করেছি, যাতে করে নগরবাসীকে উন্নত ঢাকার সুফল আমরা দিতে পারি। আজ কমলাপুর সংলগ্ন টিটি পাড়া এলাকা পরিদর্শন করেছি। এখানে রেলওয়ের জমিসহ বেশ কিছু সরকারি জমি অবৈধ দখল অবস্থায় আছে। এসব জমি যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়, সেজন্য আমরা চিঠি দেব। এসব স্থানে খেলার মাঠের ব্যবস্থা করতে আমরা কাজ চালিয়ে যাব।’
খালের বর্জ্য অপসারণ হলেও নদী দখল-দূষণমুক্ত করা না গেলে তার সুফল সঠিকভাবে পাওয়া যাবে কি না- এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘বালু নদী ও রামপুরা খাল ভরাট করায় পানির প্রবাহ নেই। খাল পরিষ্কার কার্যক্রম মার্চ থেকে প্রসারিত করে এপ্রিল পর্যন্ত নিয়ে যাচ্ছি। আমরা পাম্প স্টেশনগুলো চালু করার পরিকল্পনা করেছি। একটি পাম্প (২টি পাম্প স্টেশনের মোট ৬টি পাম্প মেশিন) ইতোমধ্যে চালু করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি পাম্পগুলো চালু করতে পারব বলে আমরা আশাবাদী। আগামী বর্ষা মৌসুমের মধ্যে খাল-কালভার্টের সংযোগগুলোতে যেন পানি প্রবাহ একটা অবস্থায় আনতে পারি, সে লক্ষ্যে কাজ চলছে।’
তিনি বলেন, ‘নদীর নাব্যতার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সেটার সভাপতি। এরই মাঝে আমাদের দুটি সভা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী কমিটির সদস্য। ঢাকার চারপাশ ঘিরে থাকা চার নদী যাতে নাব্যতা ফিরে পাই, সে বিষয়গুলো আমরা কমিটিতে উপস্থাপন করেছি।’
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব মো. আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন