
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, মহান স্বাধীনতার ঘোষক, প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হটকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি শনিবার ঢাকাসহ দেশের সকল মহানগরীতে এবং ১৪ ফেব্রুয়ারি রোববার দেশের সকল জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় উক্ত প্রতিবাদ কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কমিশনের অসদাচরণের পিছনে রয়েছে চাকরি রক্ষা ও দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ বিত্তের মালিক হওয়া। দুর্নীতি ও চাকর রক্ষা করতে গিয়ে সরকারের ইচ্ছা পূরণে এরা দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন। অনিয়ম, আর্থিক কেলেঙ্কারি এবং নিয়োগ বাণিজ্যে জড়িত এই নির্বাচন কমিশন। কিন্তু এরপরও তাদেরকে কেউ টলাতে পারে না। কারণ শেখ হাসিনাকে খুশি করাই এদের একমাত্র লক্ষ্য। দেশব্যাপী ভোট সন্ত্রাসের বৈধতা দান করতে গিয়ে কমিশন বিভিন্নভাবে আইন ও বিধি-বিধানের লঙ্ঘন করেছে।
তিনি আরো বলেন, সরকারি দলের ভোট সন্ত্রাস, হামলা, প্রচার মাইক ভাঙচুর, বিএনপি নেতাকর্মীদের জখম ও রক্তাক্ত করা, ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া, যেখানে ভোট হচ্ছে সেই এলাকার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রারি এবং পাইকারিভাবে গ্রেফতারের বিষয়ে অভিযোগ করলে নির্বাচনী কার্যালয়ের কর্মকর্তারা তা আমলে নেয় না, বরং উপহাস করে, তামাশা করে। কারণ তারা মনে করে সুষ্ঠু নির্বাচন করলে শেখ হাসিনা মাইন্ড করবেন এবং নির্বাচনের নামে লুটপাটে বাধা আসবে।
ভিন্নবার্তা/এমএসআই