
নগরবাসীকে নির্ভয়ে করোনা টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল’ এ কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা শেখ ফজলে নূর তাপস এই আহবান জানান।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি সবাইকে অনুরোধ করব, যত শীঘ্র সম্ভব, সবাই নির্ভয়ে অগ্রাধিকারভিত্তিতে নিবন্ধিত হবেন এবং এই টিকা গ্রহণ করবেন। এর মাধ্যমেই করোনা থেকে আমরা মুক্তি অর্জন করব এবং এ করোনাকে আমরা জয় করব। সারা বিশ্বে যখন টিকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-হতাশা, তখন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা টিকা পেয়েছি উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ হতে সারাদেশে টিকা প্রদান কার্যক্রম আরম্ভ হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৯টি হাসপাতাল ও চিকিৎসালয়ে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। রোববার ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণের জন্য ৫৬ জন নিবন্ধন করেছেন।
অত্যন্ত পরিকল্পিতভাবে টিকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনা করা হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, গত ২৭ জানুয়ারি নেওয়া হয়েছিল (টিকা প্রদান করা হয়েছে)। এ ক’দিন সেটা পর্যবেক্ষণ করা হয়েছে, কোন পার্শ্ব-প্রতিক্রিয়া হয় কিনা? সকল কিছু নির্ণয় করে বৈজ্ঞানিক মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী কার্যক্রম হাতে নিয়েছেন। সুষ্ঠুভাবে এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশের সকলকে করোনা মুক্ত রাখতে পারব, ইনশাআল্লাহ। শুধুমাত্র টিকাদানের মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে পারি।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই