
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার নজর কেড়েছে পৌরসভার ৮নং ওয়ার্ডের জামাই-শ্বশুরের লড়াই। জয়ের ব্যাপারেও ছাড় দিতে রাজি নন কেউ কাউকে।
বয়সগত কারণে নিজের শেষ নির্বাচন বলে ঘোষণা দিলেও মন গলেনি মেয়ে জামাইয়ের! ‘বাবার ওসিয়ত’ তাই নির্বাচন করবেন বলে ঘোষণা দেন জামাইও। শ্বশুরকে সরে দাঁড়াতে অনুরোধ করেন জামাই। পাল্টা জামাইকেও সরে দাঁড়াতে বলেন শ্বশুর। কিন্তু শেষ পর্যন্ত দুজনই নির্বাচনকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের অলিগলি।
বাবুল সরদার পাঞ্জাবি প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। অন্যদিকে জামাই হুয়ামুন কবিরের মার্কা পানির বোতল। যে কারণে জামাইয়ের পানির বোতলে শ্বশুরের পাঞ্জাবি ভিজবে নাকি শ্বশুর তার পাঞ্জাবির পকেটে পানির বোতল ভরবেন সে নিয়েই চলছে আলোচনা।
শ্বশুর-জামাইয়ের সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনাও রয়েছে। জামাই-শ্বশুরের টানাটানিতে ভোটারসহ উভয় প্রার্থীর পরিবারের লোকজন পড়েছেন বিভ্রান্তিতে।
তবে এ সুযোগকে কাজে লাগাতে চায় আরেক তরুণ প্রার্থী দেওয়ান সাদ্দাম। উটপাখি প্রতীকে চমক দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না বলে এলাকাবাসী মন্তব্য করেন। ভোটের মাঠের এমন জটিল সমীকরণে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে শ্বশুর জামাইয়ের সব সমীকরণ পাশ কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে জনগণের ইভিএম ভোটেই প্রমান দেবেন কে হচ্ছেন এই ওয়ার্ডের অভিভাবক।
আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৮নং ওয়ার্ডের ভোটার মো. আব্দুল মমিন বাবুল বলেন, শ্বশুর-জামাই দুজনকে এক করার জন্য অনেক চেষ্টা করছি। কিন্তু প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে অনড়। কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
জামাই মো. হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, আমার বাবা প্যানেল মেয়র ছিলেন। ছিলেন ভারপ্রাপ্ত মেয়র এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলরও। সারাজীবন মানুষের সেবা করে গেছেন। তিনি মৃত্যুর আগে আমাকে ‘ওসিয়ত’ করে বলে গেছেন– আমিও যেন মানুষের সেবা করি।
আমার প্রয়াত বাবার আত্মার শান্তির জন্য প্রার্থী হয়েছি। আমার শ্বশুর যেহেতু একবার কাউন্সিলর হয়েছেন, তাই এ বছর নির্বাচন না করার জন্য আমি অনুরোধ করেছি। কিন্তু আমার অনুরোধ তিনি রাখেননি।
কাউন্সিলর মো. বাবুল সরদার গণমাধ্যমকে বলেন, এবার আমার শেষ নির্বাচন দাবি করে মেয়ে জামাইকে হাতে ধরে বলেছি যেন এ বছর আমাকে ছাড় দেয়। আগামীতে প্রয়োজনে ৫-১০ লাখ টাকা দিয়ে হলেও জামাইয়ের জন্য নির্বাচন করব। কিন্তু সে তার বাবার ওসিয়তের কথা বলে নির্বাচন করবে বলে সাফ জানিয়ে দেয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৪৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোট ২১৫০ ও নারী ভোট ২২৪৭। দেবগ্রাম পাইলট সরকারি মডেল বিদ্যালয়ের দুটি আলাদা ভবনে ভোটগ্রহণ হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস