
তৃতীয় দফায় স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও পাঁচ হাজার রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবির থেকে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প ছেড়েছেন রোহিঙ্গাদের একটি দল। তাদের চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হবে।
পরে বিকেলে আরও ডজনাধিক বাস চট্টগ্রামের পথে বের হওয়ার কথা রয়েছে। শুক্রবারও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন।
তিনি জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন প্রায় পাঁচ হাজার রোহিঙ্গার তালিকা তৈরি করা হয়েছে। প্রথমে শিবির থেকে চট্টগ্রামে নৌবাহিনীর জেটি ঘাটে পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
দ্বীপটি বাসস্থানের উপযোগী করা, অবকাঠামো উন্নয়ন, বনায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এক হাজার ৮০৪ জনসহ মোট তিন হাজার ৪৪৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট পরবর্তী মিয়ানমারে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে এ দেশে পালিয়ে আশ্রয় নেয় ১০ লক্ষাধিক রোহিঙ্গা। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস