
রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেলেঙ্কারীর অভিযোগে করা মামলার আসামি আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা আজও ধরা ছোয়ার বাইরে রয়েছে। ঘটনার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও তাদের গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। তবে এ ঘটনার পরই ওই দুই নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সরকারি চাল কেলেঙ্কারী মামলার আসামিরা হলেন, মেসার্স তিন ভাই ট্রেডার্স এন্ড সেমি অটোরাইচ মিলের মালিক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২০২০ সালের ২৮সেপ্টেম্বর বিকেলে সুবিধাভোগীদের নিকট দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির নিকট অভৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদাম খাদ্য অধিদপ্তরের বস্তায় প্রায় ৫০০ মন চাল মজুদ রাখা হয়েছে। এরমধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০মন (৫১বস্তা) চাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদি হয়ে ২৯সেপ্টেম্বর ওই দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আওয়ামী লীগের দুই নেতা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি চাল কেলেঙ্কারীর মামলাটি অধিকতর গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস