
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল কায়েদার দুই সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি উগ্রবাদী বই, উগ্রবাদী বইয়ের দুটি ফটোকপি, ৪টি লিফলেট, দুইটি মোবাইল ফোন ও মোবাইল ম্যাসেজের ৩ পাতা ফটোকপি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহাবাজপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।
শুক্রবার বিকালে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে শাহবাজপুর গ্রামের দীঘির উত্তরপাড়ের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য। তারা ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করে উগ্রবাদী প্রচারণাসহ বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনের চেষ্টা করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আল কায়েদার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা কৌশলে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ