
এলাকার চেয়ারম্যান মেম্বারদের দ্বারে বার বার ঘুরেও রাস্তা সংস্কারের কথা বললেও হয়নি রাস্তা সংস্কার। চলা ফেরার কোনো উপায় না দেখে এলাকাবাসীরা নিজেরাই চাদা উঠিয়ে সংস্কার করছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা। নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জয়চন্ডি সরুপ পাড়া হতে সন্নাসী বাজার পর্যন্ত নিজেদের টাকা দিয়ে রাস্তা সংস্কার করছে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায়, এই রাস্তা চলাচলে অযোগ্য। যার জন্য এই রাস্তা দিয়ে কোনো ভ্যান রিক্সা চলে না। চলাচলে আমরা অনেক কষ্ট পোহাচ্ছি। এলাকার কোনো ব্যক্তি অসুস্থ্য হলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য দুর্ভোগ পোহাতে হয়। কারণ রাস্তা ভাঙ্গা হওয়ায় ভ্যান রিক্সা আসতে চায় না এই এলাকায়। এলাকাবাসী আরো জানায়, গত দুই বছর থেকে তারা নিজেদের উঠানো চাঁদার টাকা দিয়ে রাস্তা সংস্কার করে আসছে। জনপ্রতিনিধিরা বার বার রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও রাস্তা সংস্কারে নেয়নি কোনো কার্যকরী পদক্ষেপ।
ওই এলাকার রনজিৎ রায় বলেন, রাস্তা দিয়ে চলা যায় না। রাস্তা ভাঙ্গা তার জইন্যে কোনো রিক্সা ভ্যান আইসে না। ধান গারীর জন্য ভুইবাড়ী যেমন কাদো করির লাগে ঠিক তেমনই অবস্থা হয় বর্ষাকালে এই রাস্তার। চলাচলে অনেক কষ্ট। অপর এক এলাকার বিধবা মহিলা মিনু বালা বলেন, হামরা ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার বানাই হামার সুখে দুখে সাহায্য করার জন্য । কিন্তু হামার মেম্বার চেয়ারম্যান যদি হামাক দেখিল হয় তাহলে রাস্তা ভালো করির জন্য মোক বিধবা মানুষটার টাকা দিবার নাগিল না হয়।
ওই এলাকার রাজেন চন্দ্র রায় বলেন,গত কয়েকবছর ধরেই আমরা এলাকাবাসী চাঁদা
উঠিয়ে রাস্তা সংস্কার করছি। গত বছরেও আমরা নিজেদের টাকা দিয়ে রাস্তায় মাটি দিয়েছি। এবারো এলাকাবাসীর সাহায্যে ৪০ হাজার টাকা চাঁদা উঠিয়ে রাস্তায় মাটি দিচ্ছি।
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এলির সাথে কথা বললে তিনি জানান, গত বছরেই চল্লিস দিনের কর্মসূচি দিয়ে ওই রাস্তায় মাটি দেওয়া হয়েছে। এ বিষয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা গোলাম মোস্তফার (০১৭৩০৯৩৬৯৭৩ এই নাম্বারে) মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেনি।
ভিন্নবার্তা/এমএসআই