
নীলফামারীর জলঢাকায় আরিফ চৌধুরী (৩৮) নামের এক কাপড় ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। ২৫ ডিসেম্বর শুক্রবার ভোরে হাসপাতাল রোডে এই ঘটনা ঘটে। তিনি জলঢাকার মেডিকেল মোড় এলাকার মৃত ইসলাম উদ্দিন চৌধুরীর ছেলে।
জানা গেছে, আরিফ একজন ডায়াবেটিসের রোগি। প্রতিদিনের মতো সকালে ফজরের নামাজের আগে হাঁটাহাটি করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে পালিয়ে যায়।
এসময় এ্যাম্বুলেন্স চালক নুর ইসলাম (২৫), জাকির হোসেন (২০) ও আমিনুর রহমান হাসপাতালে যাওয়ার পথে আরিফকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরিবারসহ তারা আশঙ্কাজনক অবস্থায় আরিফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। আরিফের স্ত্রী আইভি আকতার জানান, আমার স্বামী একজন কাপড় ব্যবসায়ী ও ডায়াবেটিস রোগি। প্রতিদিনের মতো ভোরে হাঁটতে গিয়ে দূর্বৃত্তদের হামলার শিকার হয়।
তিনি জানান, জলঢাকা বাজারে ইনান ক্লোথ স্টোর নামে একটি দোকান আছে। এই দোকানের মিটার থেকে দু’একটি সাফ মিটার ভাড়া দেয়া আছে। করোনায় দোকান পাট বন্ধ থাকায় তাদের সাথে বিদ্যুৎ বিল নিয়ে বিবাদ হয়। সেই সুত্র থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আরিফকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রমেক হাসপাতলে পাঠিয়ে দেন। ঘটনার তদন্ত চলছে। তবে আরিফের জ্ঞান ফিরে এলে ঘটনার পুরো বিষয়টি জানা যাবে এবং সে অনুযায়ী আইনী পদক্ষেপ নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই