
সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যবসায়ী হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুরে বক্কার গ্রুপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর করছিল। এ সময় তার ফুফা হাজী আহসান আলী মারধর থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরো অন্তত ৫ জন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামীদের দ্রুত আটক করতেও তৎপরতা চালাচ্ছি। এদিকে এলাকার সর্বজন শ্রদ্ধেয় সরলপ্রাণ আহসান আলীকে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস