
করোনা মহামারি ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনায় সরকারি পরিষেবার কার্যকারিতা নিয়ে নেত্রকোনায় ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন রোববার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা করে।
অনুষ্ঠানটিতে ঢাকা থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মো. মোস্তফা আমির।
করোনা ও বন্যাসহ অন্যান্য বিষয়ে বক্তব্য দেন,নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশের হেড অব জ্যাস্টিস শোয়েব ইফতেখার,নারী প্রগতির নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননী গোপাল সরকার,সাংবাদিক আলপনা বেগম, বলদর্শী তিস্তা সমাজ ভিত্তিক সংগঠন মনোষা রানী, মাঘান ইউনিয়ন পরিষদের সদস্য রাজিনা আক্তার প্রমুখ।
সংলাপে কৃষি, শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, কর্মসংস্থান, প্রশিক্ষণসহ স্থানীয় সরকারের মাধ্যমে সরকারের পরিষেবার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই