
নেত্রকোনায় চোখের পলকে দিনের বেলায় মন্দিরে ঢুকে কালী প্রতিমার গায়ে জড়ানোসহ মন্দিরে থাকা স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যাওয়া চোরকে ২৪ ঘণ্টার মাঝেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মডেল থানা পুলিশ। এ সময় উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালংকার।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে স্বর্ণালংকারসহ হাজির করা হয় চোরকে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম (অপরাধ),অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন (সদর সার্কেল), মডেল থানার অফিসার ইন-চার্জ মো. তাজুল ইসলাম ও মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা নির্মল কুমার দাস,মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ,সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিতসহ হিন্দু ধর্মীয় নেতারা।
গত ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নেত্রকোনা জেলা শহরের সাতপাই নদীরপাড় এলাকার ঐতিয্যবাহী বড় কালীবাড়ি মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে সনাতন ধর্মাবলম্বীসহ সকলের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনসহ মডেল থানা পুলিশের ওসি তাজুল ইসলামসহ অন্য সদস্যরা।
এসময় পুলিশ সুপার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের পুলিশের ওপর আস্থা রাখার কথা বলে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাঠে নেমে পড়েন তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীব বীরসহ টিমের সদস্যরা। পরে ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরদিন বুধবার বিকেলে স্বর্ণালংকার উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল সংবাদ সম্মেলনে জানান, ঘটনার দিন ওই চোর মন্দির থেকে কালী প্রতিমার মাথার ১২ আনা ওজনের স্বর্ণের চুড়া, ৪ আনা ওজনের করে টিকলি ও নথ, ২ আনা ওজনের একজোড়া কানের দোল, হাতের চুড়ি ২ আনা ওজনের ২ জোড়া, চারটি চেইন, ২ জোড়া শাখা, বল চেইন, মণ্ডু মালা, ৩ ভরি ওজনের ১ টি রুপার চুড়া, ৮ আনা ওজনের রূপার একটি কোমরের বিছা, নুপুর ও ব্রেসলেট ৬ টি ও ৪ ভরি ওজনের প্রতিমার হাতের একটি রূপার খর্গ। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
এ সমস্ত মালামাল চুরি করেছিলেন পেশাদার চোর সুমন সরকার আরাধন। সে জেলার আটপাড়া উপজেলার বাউসা কলাপাড়া গ্রামের স্বপন সরকার’র ছেলে। মন্দিরের চুরির পর ফের সে চুরির জন্য শহরের বারহাট্টা রোডের নৃসিংহ জিওড় আখড়া গেটে প্রস্তুতি নিচ্ছিলো।
তখন সেখান থেকে উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীব বীর’র নেতৃত্বে মডেল থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন। দ্রুততম সময়ে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ চোরকে গ্রেফতার করায় ফিরে আসে শহরের হিন্দু ধর্মাবলম্বীদের মনে স্বস্তি। বেড়ে যায় পুলিশের প্রতি আস্থা, প্রশংসিত হয় জেলা পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস