মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, আছে এবং থাকবে।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস আজ দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গা পূজার মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন। তাঁরই দেখানো পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরী মন্দিরসহ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।
বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বী সবাইকে দূর্গা পূজার শুভেচ্ছা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসি মেয়রের সাথে এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051