
২৪ ঘণ্টায় ৬৯টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়, ৬৯টি ইউক্রেনীয় ড্রোন এবং ১৩টি হিমার্স রকেট গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এর আগে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, ইউক্রেনের সেনারা রুশ অবস্থানে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অবস্থানে হামলার প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। তবে রাশিয়ার সেনাবাহিনী দেশটির কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের ছয়টি হামলা প্রতিহত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন বাহিনীর আক্রমণের সব প্রচেষ্টা পণ্ড করে দিয়েছে রুশ সেনারা। তাদের সেনাবাহিনী দুটি জার্মান তৈরি লেপার্ড টু ট্যাঙ্কসহ বেশ কয়েকটি ভারি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে।
ব্রায়ানস্ক এবং বেলগোরোডসহ বেশ কয়েকটি রুশ সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। মন্ত্রণালয়ের মতে, এতে বেশ কয়েকটি বাড়ি এবং পরিষেবা সুবিধা ধ্বংস হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল রাশিয়া। এরপর থেকে প্রায় দুই বছর ধরে তাদের এ অভিযান চলছে।
ভিন্নবার্তা/এমএসআই