জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলের আসন বরাদ্দ পাওয়া বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। সোমবার হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলি এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নম্বর ধারা অনুযায়ী বিবাহিত ও গর্ভবতী ছাত্রীরা হলে সিট পাবে না। তারা অতিদ্রুত হলের সিট ছেড়ে দেবে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, যে সব মেয়ে শিক্ষার্থীর মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছে তারা অতিদ্রুত হল ত্যাগ করবে। পাশাপাশি কোনো মানোন্নয়ন (মাস্টার্স) পরীক্ষার্থী ও এম.ফিল ছাত্রী হলে থাকতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ নির্দেশে ক্ষোভ প্রকাশ করে চতুর্থ বর্ষের এক ছাত্রী বলেন, আমরা যারা বিবাহিত তারাও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাহলে আমাদের কেনো সিট ছাড়তে হবে। বাইরে থাকার চেয়ে হলে থাকতে পারলে আমরা নিরাপদ থাকি। অনেকের স্বামী ঢাকার বাইরে থাকে। তাদের ফ্যামিলিও ঢাকায় থাকে না। তারা তো হলেই থাকবে।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বলেন, হলের বিধিমালার ১৭ নম্বর ধারা অনুযায়ী কোনো বিবাহিত ছাত্রী হলে সিটের আবেদন করতে পারবে না। আমরা বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রী আছেন যাদের বাবা নাই, মা নাই। তারা হলের সিটের জন্য কান্নাকাটি করে। তাদের আসলেই হলে সিট প্রয়োজন। সিট পেলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া সুবিধা হবে। কিন্তু অনেকে বিবাহিত মেয়েরা আছে যাদের পরিবারের সামর্থ্য আছে খরচ বহন করার। প্রয়োজনে তারা আমাদের দরখাস্ত দিক যে হল ছেড়ে বাসা নিতে এক মাস বা দুই মাসের সময় প্রয়োজন। আমরা সেটা বিবেচনা করব।
বিবাহিত কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রীদের জন্য এই সিদ্ধান্ত শিথিল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোষাধ্যক্ষ স্যার ভালো বলতে পারবেন। তবে এ বিষয়ে কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051