
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে আছেন। গতকাল রাত থেকে এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ভালো দিক হচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হয়নি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরো বলেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমরা।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্র। বুলেটিনে অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়।
সভায় মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহসান, কার্ডিওলজীর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্য সংশ্লিষ্ট ডাক্তারগণ উপস্থিত ছিলেন। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সকল সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরী চিকিৎসা কৌশল নিরুপণ করছেন। অধ্যাপক ব্রি: জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব:) আরো জানিয়েছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অসুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে।
বেলা ২ টায় তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেও সমস্যা দেখা দেয়। এ ছাড়া, তিনি অপুষ্টিসহ গুরুতর সেপটিসেমিয়ায় আক্রান্ত। গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত রবিবার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।
ভিন্নবার্তা/এমএসআই