যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদদুইনপুর সীমানায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮) দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে। আর সাগর একই এলাকার বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তাদের কারও মাথায় হেলমেটও ছিল না।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, শাহিনুর ও সাগর চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে জনৈক ফারুকের বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনুরের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী সাগরের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম কুমার বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, দুই উপজেলার সীমান্তের একটি বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরহতাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051