রাজধানীতে শব্দ দূষণ, বায়ু দূষণ ও যানজট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পীর ফজলুর রহমান বলেন, প্রতিদিন মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে একদিনে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ঢাকা অকার্যকর শহরে পরিণত হবে।
তিনি বলেন, আমি গ্রামের মানুষ, গ্রামে থাকি। এজন্য আমার খুব একটা সমস্যা হয় না। সংসদের কাজে ঢাকায় আসা হয়। ঢাকা এখন শব্দ দূষণে এক নম্বরে, বায়ূ দূষণেও এগিয়ে। ঢাকায় যারা বসবাস করেন, যানজটের কারণে তারা সকাল বের হলে দুপুরে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, যানজটের কারণে বছরে ৮৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। উন্নয়ন কাজে কোনো সমন্বয় নেই। এক সংস্থা রাস্তা তৈরি করে আবার কিছু দিনের মধ্যে অন্য সংস্থা রাস্তা কাটে। কোন বাস কোথায় থামবে, তার কোনো ঠিক নেই। রাস্তা বন্ধ করে রেখে তারা যাত্রী তোলে। তিনি যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া এবং প্রসাশনিক বিকেন্দ্রীকরণের দাবি জানান।
অন্যদিকে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। তিনি জেলা পর্যায়ে প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির ব্যবস্থা করার দাবি জানান। আসন্ন পবিত্র রমজানে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে রসায়নিক ব্যবহার করা না হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানান।
পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ওয়ারি স্কুলটি বন্ধ হয়ে গেছে। এটি নির্মাণাধীন ছিল। বঙ্গভবনের কাছে এই অজুহাতে বলা হচ্ছে, বঙ্গভবনের অনুমোদন ছাড়া নকশা পাস করা যাবে না। অথচ এর অবস্থান বঙ্গভবন থেকে এক হাজার গজ দূরে। আশপাশের সব ভবন ১২তলা।
তিনি বলেন, কাউকে খুশি করা বা রাজউক থেকে প্ল্যান পাস করানোর মতো টাকা স্কুলের নেই। রাজউকের কাছে গেলে এত ঘাট দেখায়, এগুলো পেরিয়ে প্ল্যান আনা সম্ভব নয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051