বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাধীনতা দিবসের র্যালিতে ছাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একটি গ্রুপের বিরুদ্ধে।
শনিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রীরা ভিসির বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা র্যালি বের করলে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের সঙ্গে অশালীন আচরণ করে কয়েকজন মেয়েকে তাদের সঙ্গে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী খন্দকার তায়েফুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রীদের নানাভাবে ভীতি প্রদর্শন ও লাঞ্ছনা করা হয়েছে বলে দাবি করেন তারা।
এর প্রতিবাদে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন ওই হলের লাঞ্ছনার শিকার শিক্ষার্থীরা। পরে সেখানে বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরাও যোগ দেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের আরেকটি গ্রুপ।
এ সময় তায়েফ রিয়াদের বহিষ্কার, শাস্তি ও প্রক্টরের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তায়েফ রিয়াদ বলেন, এটা সম্পূর্ণ সাজানো নাটক। এমন কিছুই করা হয়নি। বরং মেয়েরা হলের সিনিয়রের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাকে হেয় করার জন্য এমন করা হয়েছে।
বেগম রোকেয়া হলের কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ইসরাত জাহান রিজা বলেন, ওই সময় আমিও ছিলাম। কাউকে লাঞ্ছিত করা হয়নি। যেসব মেয়ে আমার সঙ্গে আসতে চেয়েছিল, তারা জোর করে তাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল এবং আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051