নারায়ণগঞ্জের বন্দর উপজেলার জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় আট কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল থেকেই এ যানজটের সৃষ্টি হয়। মূলত মহাসড়কের পাশে মদনপুরে জাহিন টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এ সড়কটি বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। এদিকে যানজটে আটকেপড়া মো. ইমন নামে এক যাত্রী বলেন, ‘আমি জরুরি প্রয়োজনে চিটাগাংরোড থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলাম। কিন্তু তীব্র যানজটের কারণে আমি দুই ঘণ্টায় মদনপুরই পার হতে পারিনি। গাড়ি তো নড়ছেই না। কতক্ষণ এমন যানজট থাকবে কে জানে।’
যানজটে আটকেপড়া ঢাকামুখী রিয়াজুল হাসান নামে আরেক যাত্রী বলেন, ‘পুরো পরিবার নিয়ে ঢাকা ফিরছিলাম। দাউদকান্দিতে বসে আছি তিন ঘণ্টারও বেশি সময়। দীর্ঘসময় বাসে থাকায় আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। জানি না কখন সবকিছু ঠিক হবে।
আব্দুল কাদির নামে এক ট্রাকচালক বলেন, দীর্ঘসময় ধরে কাঁচপুরে আটকে আছি। রাতের মধ্যে ফেনীতে মালামাল না নিতে পারলে আমার অনেক বড় লোকসান হয়ে যাবে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, জাহিন গার্মেন্টের আগুন এখনো নিয়ন্ত্রণে না আসায় মদনপুর অংশে এখন গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার। আশা করি আগুন নিয়ন্ত্রণে এলেই যানজট কমে যাবে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051