সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে এবার ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ করা হবে। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় ‘বিবেকবান নাগরিক সমাজ’ এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাব থেকে এ কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার ‘বিবেকবান নাগরিক সমাজ’ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। দীর্ঘ অনশনে অনেকেই অসুস্থ হতে শুরু করেছেন। সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বা সংশ্লিষ্ট কেউ শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এগিয়ে আসেননি। শিক্ষার্থীরা জীবন বিপন্ন করে অনশন কর্মসূচি পালন করছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে মঙ্গলবারের মধ্যে উপাচার্য ফরিদ পদত্যাগ না করলে বুধবার ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করব। এতে ছাত্র-শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, খেলোয়াড়, শ্রমজীবীসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের দ্রুত পদত্যাগে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051