চলতি বছরের (২০২১ সালের) দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১৪ নভেম্বর (রোববার) কুরআন মাজীদ ও তাজবীদ এবং পদার্থবিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাত্র তিন বিষয়ের সংক্ষিপ্ত এই পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর। দেড় ঘণ্টার এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। সময়সূচি প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন বলেন, কোভিড মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। এ জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আগামী ডিসেম্বরে আলিম পরীক্ষা হতে পারে। এই পরীক্ষার সময়সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, আগামী দুই দিনের মধ্যে এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। এই সময়সূচি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু ১১ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসির শুরু করার প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-এক দিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বোর্ডের।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051