একদিন পরেই পবিত্র ইদুল আজহা। ইতোমধ্যে ছুটি হয়ে গিয়েছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছেন শ্রমিকরা।
বাড়ি ফিরতে গিয়ে স্বাস্থ্যবিধির কথা ভুলে গেছেন ঘরমুখো এসব মানুষজন। বাস ও ট্রাকে ওঠার সময় ধাক্কাধাক্কি করে ওঠাসহ গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা ও মাস্কবিহীন চলাচল করছেন সাধারণ মানুষজন।
কোরবানির ঈদ উপলক্ষে সোমবার (১৯ জুলাই) দুপুর থেকেই ছুটি দিয়েছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানা।
বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকা দেখা গেছে, বাসে জোড় করে ঠেলে উঠছেন যাত্রীরা। ভেতরে দাঁড়িয়ে রয়েছে গাদাগাদি করে। আর ট্রাকের ওপর ত্রিপলের ছাউনি বানিয়ে চাপাচাপি করে বসে রয়েছে নারী ও পুরুষ। এছাড়া রিকশা, ভ্যানে করেও পাশাপাশি বসে যাচ্ছেন যাত্রীরা। তার ওপর এদের বেশির ভাগের মুখেই নেই মাক্স।
রাজশাহীর মতিহার যাবেন রাশেদুল ইসলাম। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন। স্ত্রী ও মাকে বাসে দুই ছিটে বসিয়েছেন এবং তিনি দাঁড়িয়ে আছেন। শুধু তিনিই না তার সঙ্গে আরও ২০-২৫ জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন বাসে। কারও মুখে মাস্ক আছে আবার কারও নেই।
রাশেদুল ইসলাম বলেন, কী করবো ভাই বলেন। কারখানা সোমবার ছুটি দিয়েছে। রোববার (১৮ জুলাই) রাতেই এক বাস কন্ডাক্টরের সঙ্গে কথা বলে রেখেছিলাম। সোমবার দুপুরে বাসে এসে উঠেছি। ছিট না পাওয়ায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর করোনা সেটা পরে দেখা যাবে। আগে বাড়ি যাই।
ট্রাকে রংপুর মর্ডান এলাকায় যাচ্ছেন সজিব। তিনি বলেন, বাসে তো ছিট ভাড়ার দাম অনেক। কেউ ২ হাজার টাকা চান, কেউ চান দেড় হাজার টাকা। আমরা ট্রাকে উঠছি ৭০০ টাকা দিয়ে। এখন কী করবো ভাই। বেতন পাইছি যে টাকা, যদি গাড়ি ভাড়া দিয়েই যাই তবে সব শেষ হয়ে যাবে। তাই ট্রাকে করে যাচ্ছি। সজিবের মতো আরও ২২ জন লোক ট্রাকে বসে ও দাঁড়িয়ে আছেন। সবাই রংপুরেই যাবেন।
ঢাকা জেলার এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বর্তমান পরিস্থিতিতে কর্মরত রয়েছেন বাইপাইল এলাকায়। তিনি বলেন, আমরা পর্যাপ্ত চেষ্টা করছি যেনো ট্রাকে না উঠে মানুষজন। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দালালরা জোর করে বাসে ও ট্রাকে উঠাচ্ছেন মানুষ। আমরা অনেক পরিবহনকে আটকে রেকার বিল করছি।
ভিন্নবার্তা/এমএসআ্ই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051