বিদেশে অধ্যয়নের জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। এসব শিক্ষার্থীদের টিকাদান বিষয়ে আগামী এক থেকে দুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বিদেশে অধ্যয়ন করতে যাবেন এমন শিক্ষার্থীদের টিকা প্রয়োগ নিয়ে একটা মিটিং হয়েছে। দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে।
বিদেশে অধ্যয়নের জন্য গমনেচ্ছু শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। স্বাস্থ্যসচিব বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশে অধ্যয়নের জন্য গমনকারীদের তালিকা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্তটি পরিবর্তন করে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়। তবে মন্ত্রী পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিদেশে অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের মধ্যে যারা যে দেশে যাবেন, ওই দেশগুলোর চাহিদা অনুযায়ী তাদের টিকা দেওয়া হবে বলেও জানা গেছে।
কূটনৈতিক সূত্র বলছে, চীনসহ পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জার্মানিতে পড়তে যাওয়া অনেক শিক্ষার্থী টিকার জন্য দেশগুলোতে প্রবেশ করতে পারছে না। একইসঙ্গে বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি এবং বাংলাদেশে চলমান লকডাউনের কারণে দূতাবাসগুলোতেও ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা।
বুধবার (৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টার টিকা কেন্দ্রে ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় চীনে পড়তে যেতে ইচ্ছুক সিয়াম নামে এক শিক্ষার্থীর। তিনি জানান, টিকার জন্য তার বিদেশ যাওয়া আটকে আছে। টিকাপ্রাপ্তি নিয়ে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তিনি উদ্বিগ্ন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051