রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামাল দায়ের করে। রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সমন্বয়ক পার্থ শঙ্কর পাল বাংলানিউজকে জানান, আমরা ১০ জন রোগী পেয়েছি। দুইজন আগেই মারা গেছেন। পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।
এদিকে রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মীরা বলছেন, ধারণা করা হচ্ছে ভবনের নিচ তলা থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটতে পারে। তবে সেটিও তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে। এদিকে ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সঙ্গে ভবনটির অবস্থান। এছাড়া পাশের আড়ং শোরুমের ১৪ তলা ভবনের ৪-৫ তলা পর্যন্ত জানালার কার্নিশ ধসে পড়েছে। এদিকে নিচতলায় বাণিজ্যিকভাবে মার্কেট ও দোকান পাট করা হয়েছিলো। তবে এই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফয়সালুর রহমান বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবনের নিচতলার ভেতরেই এই বিস্ফোরেণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051