বরগুনায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শৈলেন চন্দ্র শীল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বরগুনার আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ লাইন্স সড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এ ঘটনা ঘটে। শৈলেন চন্দ্র শীল বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম রাইয়ান বিন অন্তর (২১)। তিনি বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহাদাত হোসেনের ছেলে। ২০২০ সালের ২৭ মে সোমবার ঈদুল ফিতরের দিন বরগুনা সদর উপজেলার গুলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে সংঘটিত আলোচিত হৃদয় হত্যাকাণ্ডের এজাহারভুক্ত সাত নম্বর আসামি। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আল মামুন এন্টারপ্রাইজ ব্রিকসের মালিক মো.শাহাদাত হোসেনের পুলিশ লাইন্স সড়কের বাসায় মোটরসাইকেল নিয়ে ঢুকছিলেন শৈলেন চন্দ্র শীল। এসময় তার পেছন দিক থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে শৈলেন চন্দ্র শীলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেন রাইয়ান বিন অন্তর।
এতে মোটরসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়েন শৈলেন চন্দ্র শীল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। বরিশাল যাওয়ার পথেই মারা যান শৈলেন চন্দ্র শীল।
এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বরগুনা সদর থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাইয়ান বিন অন্তরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051