৮ ডিসেম্বর নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজিডি দিবস। নানা কর্মসূচীতে নেত্রকোনাবাসী পালন করে দিনটি। জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়।
বোমা হামলায় আত্মঘাতী কিশোরসহ উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক্স যাদব দাসসহ ৮ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্উদ্দিন এবং ইউনূসসহ ৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে। ইতিমধ্যে ঢাকা দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল আদালত-২ নেত্রকোনায় বোমা হামলা মামলার ৭ আসামীকে ফাসিঁ ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতি বছরের ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালন করে আসছে।
৮ ডিসেম্বর নেত্রকোনা ট্য্রাজিডি দিবস উপলক্ষে ট্র্যাজিডি দিবস উদ্যাপন পরিষদ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৯ টা ১৫ মিনিটে উদীচী জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯ টায় উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারের সামনে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন, সকাল ১০ টা ৪০মিনিট থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট নীরবে দাড়িয়ে থেকে স্তব্ধ নেত্রকোনা কর্মসূচী পালন ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051