ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার (২৫ জুন) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার এবং স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের মধ্যে দুই জনের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
সেই পোস্টে আবেগঘন হয়ে কনা লেখেন, 'আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।'
কনা লেখেন, 'আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি।'
কনা আরও লেখেন, 'তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন।'
সবশেষ কনা লেখেন, 'আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদান্তে, আপনাদের স্নেহধন্য,দিলশাদ নাহার কনা।'
দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিলে ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিয়েটা নীরবেই হয়েছে তাদের। বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। দুই পরিবারের চাওয়াতে কাবিন হয়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। কোনো ধরনের আয়োজন করেননি তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051