ইউক্রেনে গোলার আঘাতে নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের পরিবারের ৫ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা) ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের বৈঠকে এই তথ্য জানানো হয় বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নৌ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদিসুরের এক ভাইকে শিপিং করপোরেশনে চাকরিও দেওয়া হয়েছে। তিনি আগামী ১ জুন কাজে যোগ দেবেন। এছাড়াও জাহাজের অন্য সব ক্রুকে সাত মাসের বেতন দেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন সচিব মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীনসহ অনেকে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ২৯ জন নাবিকসহ 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি তুরস্কের বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ায় জাহাজটি বন্দরে আটকা পড়ে। ২ মার্চ জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলে হাদিসুর নিহত হন। ওই জাহাজের ২৮ জন ক্রু গত ৯ মার্চ দেশে ফিরে আসেন। ১৪ মার্চ টার্কিস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় আনা হয়। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051