কিশোরগঞ্জের নিকলী উপজেলায় টিসিবির পণ্যবাহী একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে ৫৫১টি পরিবারের জন্য পণ্যসামগ্রী ছিল। আজ বৃহস্পতিবার সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল ৮টার দিকে নিকলী থেকে উপজেলার সিংপুর ইউনিয়নের টিসিবির পণ্য বিক্রি করতে ট্রলারে করে নিয়ে যাচ্ছিলেন মেসার্স নোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম ও তার লোকবল। সিংপুর বাজার সংলগ্ন ঘাটে ভেড়ানোর সময় ধনু নদীতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে সিংপুর ইউনিয়নের ৫৫১টি পরিবারের জন্য ২ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলাবুট ও ২ কেজি চিনির পেকেট বস্তাবন্দী করে নেওয়া হয়েছিল। পণ্যগুলোর বিক্রয় মূল্য ৩ লাখ ৮ হাজার ৫৬০ টাকা।
টিসিবির পণ্য বিক্রয়ের তদারকির জন্য সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা ট্রলারে কিংবা নৌকা ঘাটে ছিলেন না। দুর্ঘটনার পর খবর পেয়ে তারা সেখানে যান বলে জানিয়েছেন শফিকুল ইসলাম।
নিকলী ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো পণ্যসামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় ভেসে যাওয়া পণ্যভর্তি কিছু বস্তা উদ্ধার করা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051