আগামী তিন মাসের মধ্যে ভাসানচরে আরও ৮০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করতে চায় সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন জাগো নিউজকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ ভাসানচর। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের সীমানাভুক্ত। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গারা গত প্রায় চার বছর ধরে কক্সবাজারের অস্থায়ী বসতি গড়ে আছেন। এরইমধ্যে প্রায় ২০ হাজার রোহিঙ্গাকে কয়েক ধাপে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। দ্বীপটিতে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার।
ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় আগামী শনিবার (৯ অক্টোবর) জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক সই হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, এর ফলে তারা (জাতিসংঘ) ভাসানচরেও রোহিঙ্গা সংশ্লিষ্ট সব বিষয়েই সহযোগিতা করবে। এখন আর কোনো অসুবিধা নেই। আমরা আশা করি, আগামী ৩ মাসের মধ্যে ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাবো। সেখানে আপাতত এক লাখ লোকের অ্যারেঞ্জমেন্ট আছে।
তিনি আরও বলেন, কক্সবাজার, টেকনাফ ও উখিয়ায় থাকা রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ যেভাবে সহযোগিতা করছে, সেটা ভাসানচরের ক্ষেত্রে ছিল না। অথচ সরকার প্রচুর অর্থ ব্যয় করে রোহিঙ্গাদের নিরাপদ আবাসনের জন্য ভাসানচর প্রস্তুত করেছে।
মো. মোহসীন বলেন, জাতিসংঘ এখন কক্সবাজার, টেকনাফ ও উখিয়ার মতো ভাসানচরেও শামিল হয়ে যাবে। এটাই হলো সমঝোতা স্মারকের মূল বিষয়।
তিনি বলেন, এটা (সমঝোতা স্মারক) জাতিসংঘের ভাসানচরকে স্বীকৃতি দেওয়া, যেটা নিয়ে অনেক রকম কথা ছিল। এখন সেটা হয়ে গেলো, ইনশাআল্লাহ্।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051