৩২ বছর পর দেশে এসে সড়কে প্রাণ গেল সিরাজউদ্দৌলা নামে এক প্রবাসীর। নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কবিরহাট উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজউদ্দৌলা (৬৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের ফরিদ মেম্বারের ছেলে।
নিহতের ছেলে কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন সুমন জানান, তার বাবা ৩২ বছর ওমান প্রবাসে ছিলেন। কিছু দিন আগে দেশে ফিরেন। দুপুরের দিকে আমার ছোট বোনকে দেখতে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিলেন। পথে কবিরহাট-বসুরহাট সড়কের ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়রা তাৎক্ষণিক দুর্ঘটনার শিকার বাস-সিএনজি আটক করে। খবর পেয়ে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যুবদল নেতা সুমনের পিতার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051