আগামী ৩১ অক্টোবর (রোববার) পর্যন্ত চলবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। গত ৬ অক্টোবর থেকে চলা দেশব্যাপী পণ্য বিক্রির এ কার্যক্রম আজ (২৮ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৮ অক্টেবর) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রম তিনদিন বাড়ানো হয়েছে। এ সময় আগের দামেই সকল পণ্য বিক্রি হবে।
এ কার্যক্রম শিগগির আবারো চালু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাজার পরিস্থিতির ঊধ্র্বগতি বিবেচনায় আগামী মাসে টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারো এ কার্যক্রম চালু হতে পারে।
এরআগে দুর্গাপূজা উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে গত তিন সপ্তাহ ধরে ভর্তুকি মূল্যে কিছু পণ্য বিক্রি করছে টিসিবি। তবে সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) টিসিবির ট্রাকসেল বন্ধ থাকে। অর্থাৎ এ দফায় তিনদিন বাড়ানো হলেও শনি ও রোববার এই দুদিন পণ্য পাবেন সাধারণ মানুষ।
ট্রাকসেলে সাশ্রয়ী মূল্যে ৪টি পণ্য পাওয়া যাবে। পণ্যগুলো হলো- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে।
সংস্থাটির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051