নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি দুই দফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি ১৫ দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি।
রোববার (৫ সেপ্টেম্বর) দুদকের কল সেন্টার (১০৬) ও অন্যান্য মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ নিয়েছে সংস্থাটির এনফোর্সমেন্ট ইউনিট। দুদকের জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানিয়েছে, সারা দেশে আজ ১৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মহাখালীর ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) চিফ টেকনিক্যাল ম্যানেজারের কার্যালয়ে টেন্ডার সংক্রান্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। ঢাকা-১-এর সহকারী পরিচালক হুমায়ন কবীর পরিচালিত অভিযানকালে দুদক টিম সরেজমিনে উক্ত অফিস পরিদর্শন করে টেন্ডার সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে।
অন্যদিকে বিটিসিএল বরিশাল অফিসের সহকারী ম্যানেজারের বিরুদ্ধে অফিস রক্ষণাবেক্ষণের অর্থ ভুয়া বিল ভাউচারে আত্মসাতের অভিযোগে বরিশাল থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে উক্ত অফিস থেকে বিল ভাউচার, অফিস রক্ষণাবেক্ষণ খরচের বিল ভাউচার ও জেনারেটর বাবদ খরচের বিল ভাউচারসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
অভিযানকালে পাওয়া তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
অন্যদিকে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে বিটিসিএলের ইউটিলিটিসমূহ প্রতিস্থাপনে টেন্ডারে অনিয়মপূর্বক কোটি টাকা আত্মসাৎ, সার্ভেয়ার ও কানুনগোর বিরুদ্ধে গ্রাহকের ভুয়া নামজারির কাগজ তৈরি, পোস্ট মাস্টারের বিরুদ্ধে পোস্ট অফিসের সরকারি জায়গায় স্থানীয় প্রভাবশালীকে অবৈধভাবে ভবন নির্মাণে সহায়তা, বিসিবির ম্যাচ রেফারির বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বিসিবিতে চাকরি করা এবং দলিল লেখক সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকের দলিল রেজিস্ট্রি বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দিয়েছে দুদক।
এছাড়া ৮নং রাঙ্গামাটিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বিভিন্ন রিটার্নিং ওয়াল প্রকল্প ও ৪০ দিনের খাদ্য কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাৎ, চকরিয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় ও ভিজিডি কার্ডে অনিয়ম, বয়স্কভাতা কার্ড প্রদানে ঘুষ নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে ডাক অধিদফতর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কক্সবাজারের চকরিয়া; দিনাজপুরের ফুলবাড়ী, চাঁদপুরের হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরের সংশ্লিষ্ট দফতরসমূহে দুদক চিঠি দিয়েছে বলে জানা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051