করোনার সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ওই দিন সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর পর থেকে করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ বি এম খুরশিদ আলম বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না।
এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে। ’
এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক দিনে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে ২৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৭২০ ডোজ টিকা এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদের বেশির ভাগই টিকা নেয়নি। যারা টিকা নিয়েছে, তাদের মধ্যে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম। এ অবস্থায় আমরা সবাইকে করোনার টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ’
গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত সোমবার পর্যন্ত সারা দেশে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। এর মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ ও ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছে।
করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে সাড়ে ৩৪ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করে চার হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৩.৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩.৫৩ শতাংশ।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনের বিবেচনায় করোনা সংক্রমণের হার বাড়লেও টানা তৃতীয় দিনের মতো এক দিনে পাঁচ হাজারের কম মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার টানা দুই দিন ১৪ শতাংশের নিচে রয়েছে।
গত ২৪ ঘণ্টার শনাক্ত মিলিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। এর মধ্যে ২৮ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে, গত এক দিনে সুস্থ হয়েছে ১১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত ১৭ লাখ তিন হাজার ৩০৯ জন সুস্থ হয়েছে। দেশে এখন করোনা রোগীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৯২১ জন। তবে উপসর্গহীন রোগী এই হিসাবে আসেনি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে তিন হাজার ৪৮৩ জনই ঢাকা বিভাগের, যা মোট আক্রান্তের ৭৩ শতাংশের বেশি। মৃত ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের বাসিন্দা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051