আড়াই হাজার নিবন্ধনধারীকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদেশের অনুলিপি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের স্বাক্ষরের পর ১০ পৃষ্ঠার লিখিত এ আদেশ প্রকাশ করা হয়।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ।
এর আগে গত সোমবার (৩১ মে) এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চার সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ রি-কল করেন আদালত।
এনটিআরসিএর বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এরও আগে গত ৭ মার্চ এনটিআরসিএর ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায়ও বাস্তবায়ন করতে বলা হয়েছিল। কিন্ত ওই আদেশ বাস্তবায়নের আগেই এনটিআরসিএ ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন রিটকারীরা। পরে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিষয়ে ওই গণবিজ্ঞপ্তির কার্যক্রমে স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
জানা গেছে, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্ত দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা আদালত অবমাননার আবেদন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051