
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ জুন থেকে দুই দিন পদ্মা সেতুর সাথে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই দুই দিন বিকল্প রুট হিসেবে পাটুরিয়া- দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি ব্যবহারের জন্য বলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আবু তালেব এই তথ্য জানান।
ডিএমপি থেকে জানানো হয়, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত সেতুর সাথে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান এবং ট্রাকসমূহকে আগামী ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি দিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল ৬টা থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। একই সাথে যানজট এড়াতে আগামী ২৫ জুন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত তিনটি সেতুতে যানবাহন চলাচলের জন্য কোনো টোল আদায় করা হবে না।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ