দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২৭ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে এই সময় মারা গেছেন ৪১ জন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৯৫ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষাসহ দেশে মোট ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন করে ১ হাজার ৮২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্তসহ দেশে মোট আক্রান্ত ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। নতুন করে ৪১ জন মারা যাওয়াসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৯৩। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৯ শতাংশ।
তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮০৪। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৪১ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১২ জন নারী। মৃতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ও ৩ জন বাড়িতে মারা গেছেন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ২জনকে। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫৮২ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৯৯ শতাংশ এবং ১ হাজার ১১ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২১.০১ শতাংশ।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৯ লাখ ২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ কোটি ৯৮ লাখের বেশি।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহনও। তবে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051