দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আজ শনিবার বিকেল থেকে আবারও শুরু হয়েছে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি। ভারত সরকার কর্তৃক শুক্রবার (০১ জানুয়ারি) থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দিলেও ছুটির দিন হওয়ায় শনিবার থেকে ভোমরা বন্দরে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক প্রবেশ করে।
ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এ ছাড়া ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা এলাকায় এখনও ২০ থেকে ২৫টি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে, দীর্ঘ সাড়ে তিন মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারেও এখন দাম কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ এলে তা আরো কিছুটা কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘দীর্ঘদিন ভোমরা বন্দরে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকরা খুবই দুর্দশায় ছিল। ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি হওয়ায় ভোমরা বন্দরে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে বলে আশা করছি’।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ‘বিকাল ৫টা পর্যন্ত মোট ৯টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ২৪২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে’।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051